শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য যুক্তরাজ্য বিএনপির তিন বারের সফল সাধারন সম্পাদক মুহাম্মদ কয়ছর আহমেদ বলেছেন, আমি আপনাদের সন্তান আপনাদের ভাই আপনাদের ভালোবাসা স্নেহে একজন রাজনৈতিক কর্মী হিসেবে গড়ে উঠেছি। আপনাদের দোয়ায় আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন বিশ্বস্হ কর্মী হয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সান্নিধ্যে তিনবারের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করি। আগামী নির্বাচনে আপনাদের গড়ে তোলা কর্মীকে ধানের শীষে ভোট দিয়ে সংসদে পাঠালে আমি আপনাদের বিশ্বাসের মর্যাদা অক্ষুন্ন রাখতে নিরলস ভাবে কাজ করব। আমি কথা দিচ্ছি এ জনপদে বিগত দিনে আপনারা ভোট দিয়ে আবদুস সামাদ আজাদ,হুমায়ুন রশিদ চৌধুরী, ফারুক রশীদ চৌধুরী ও এম এ মান্নানের মতো জনপ্রতিনিধিদের সংসদে পাঠিয়ে আপনাদের মর্যাদা বৃদ্ধি করেছেন। তাদের উন্নয়নের ধারা অব্যাহত রাখা ও আপনাদের ভোটের মর্যাদা রাখতে আমি কাজ করতে চাই।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে তারেক রহমান এ দেশের প্রধানমন্ত্রী হবেন। আমি কোন উন্নয়ন ফাইল নিয়ে গেলে ফেরত আসব না।আপনারা উন্নয়নের ব্যাপারে আমার প্রতি আস্হা রাখুন। তিনি সোমবার বিকেলে জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই হারুনুর রশীদ হিরণ মিয়া স্টেডিয়ামে নির্বাচনী শেষ জনসভায় উপরোক্ত কথা বলেন।
জগন্নাথপুর উপজেলা বিএনপি, জমিয়তে উলামায়ে ইসলাম ও জোটের সমমনা দলের আয়োজনে এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্ববায়ক আবু হোরায়রা ছাদ মাষ্টার। পৌর বিএনপির যুগ্ম আহ্ববায়ক এমএ মতিনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান, শান্তিগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান জেলা বিএনপি নেতা ফারুক আহমদ, সুনামগঞ্জ জেলা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল, জেলা বিএনপি নেতা আনসার উদ্দিন,
ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের প্রতিষ্ঠিতা সেক্রেটারি মুহিব চৌধুরী,
উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি সৈয়দ মারসুদ আহমদ কাসেমী। অন্যদের মধ্যে বক্তব্য দেন হিন্দু কমিউনিটি নেতা পিষুষ রায় কালা সাধু, উপজেলা যুবদল আহ্ববায়ক আব্দুল হাসিম ডালিম, উপজেলা ছাত্রদল সভাপতি মামুনুর রশীদ, আল ইসলাহ’র সভাপতি জালাল উদ্দিন নিজামী প্রমুখ। সভা শুরুর আগে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ধানের শীষের খন্ড খন্ড মিছিল নিয়ে হাজার হাজার মানুষ সভাস্থলে জড়ো হন। এসময় ধানের শীষের শ্লোগানে আশপাশ এলাকা মুখরিত হয়ে উঠে।
Leave a Reply