শান্তিগঞ্জ প্রতিনিধি::
‘আনন্দ আর কোলাহল, মাদক ছেড়ে খেলতে চল’—এ স্লোগানকে সামনে রেখে গত ৩১ অক্টোবর শুরু হওয়া মাসব্যাপী ক্রিকেট আসর ‘গাগলী সুপার লীগ’-এর জমকালো সমাপ্তি হয়েছে।
শনিবার(২৮ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার গাগলী স্কুল মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়। ফাইনালে ফারিয়া অ্যান্ড আবির ডায়নামাইটসকে ১০১ রানের বিশাল ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে হুমায়ুন রয়ালস।
হাওরের বুকে পানিতে নিমজ্জিত জমিতে আন্তর্জাতিক মানের আদলে গড়ে তোলা হয়েছিল দৃষ্টিনন্দন ক্রিকেট মাঠ। দাবার বোর্ডের নকশায় সাজানো গ্রাউন্ড ফিল্ডের পাশাপাশি ছিল প্লেয়ার বক্স, ভিআইপি বক্স, নামাজের কক্ষ ও মিডিয়া বক্স। ব্যতিক্রমী ও নান্দনিক এই আয়োজনের কারণে টুর্নামেন্টটি সুনামগঞ্জের গণ্ডি পেরিয়ে সারা দেশেই ব্যাপক আলোচনার জন্ম দেয়। ফাইনাল ম্যাচ উপভোগ করতে দূর-দূরান্ত থেকে হাজারো দর্শক ছুটে আসেন। তাঁদের উপস্থিতিতে পুরো মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
ফাইনাল ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় হুমায়ুন রয়ালস। নির্ধারিত ১৬ ওভারে ২১৯ রানের বিশাল লক্ষ্য দাঁড় করায় দলটি। জবাবে ব্যাট করতে নেমে ১৩ ওভারে মাত্র ১১৭ রানেই অলআউট হয়ে যায় ফারিয়া অ্যান্ড আবির ডায়নামাইটস। ফলে ১০১ রানের বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে হুমায়ুন রয়ালস।
আয়োজকরা জানান, চ্যাম্পিয়ন দল, সেরা খেলোয়াড়, সেরা ব্যাটসম্যান, সেরা বোলার ও উদীয়মান তারকাসহ বিভিন্ন ক্যাটাগরিতে মোট দেড় লাখ টাকার নগদ পুরস্কার দেওয়া হয়েছে। পাশাপাশি দর্শকদের জন্যও রাখা হয়েছিল ব্যতিক্রমী আকর্ষণ। মাঠের বাইরে থেকে কোনো দর্শক ছক্কার বল ক্যাচ ধরতে পারলেই তাৎক্ষণিকভাবে তাঁকে এক হাজার টাকা পুরস্কার দেওয়া হয়।
খেলা শেষে গাগলী সুপার লীগের অন্যতম সদস্য জাহাঙ্গীর আলমের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল চাকমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন, গাগলী সুপার লীগের চেয়ারম্যান ডাক্তার সৈকত দাস, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোশাহিদ মিয়া, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান, ট্রাস্ট ব্যাংকের কর্মকর্তা মতিউর রউফ চয়ন, বিএনপি নেতা জসিম মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল চাকমা বলেন, ‘ক্রিকেট আমাদের আবেগের খেলা। উপজেলায় সাম্প্রতিক সময়ে নোয়াখালী বাজার প্রিমিয়ার লিগ, দরগাপাশা প্রিমিয়ার লিগসহ বেশ কয়েকটি টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। তবে সুন্দর ব্যবস্থাপনা, চমৎকার মাঠ ও মিডিয়া কাভারেজের দিক থেকে গাগলী সুপার লীগ সবচেয়ে জাঁকজমকপূর্ণ মনে হয়েছে। এটি শান্তিগঞ্জের জন্য গৌরবের বিষয়।’
তিনি আরও জানান, শারীরিক অসুস্থতার কারণে জেলা প্রশাসক অনুষ্ঠানে উপস্থিত হতে না পারলেও আয়োজকদের প্রতি শুভেচ্ছা ও সংহতি জানিয়েছেন।
প্রসঙ্গত, টুর্নামেন্টের ধারাবাহিক সাফল্যে ভবিষ্যতেও এ আয়োজনের ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন আয়োজকরা।
Leave a Reply