শান্তিগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের শান্তিগঞ্জে জয়কলস ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল খয়ের প্রথমবারের মতো নির্বাচনী প্রচারণায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।
শনিবার (২১ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় উপজেলার শান্তিগঞ্জ বাজারের সিলেট-সুনামগঞ্জ সড়কের বিভিন্ন পয়েন্টে সাধারণ মানুষের সঙ্গে গণসংযোগ করেন তিনি। এ সময় বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের মাঝে লিফলেট বিতরণ করেন।
মোহাম্মদ আবুল খয়ের সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে পরিচিত মুখ। তিনি শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের পার্বতীপুর তালুকগাঁও গ্রামের বাসিন্দা। একসময় তিনি উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেন। এ ছাড়া পার্বতীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দাতা সদস্য হিসেবে দায়িত্ব পালনসহ একাধিকবার বিদ্যালয়ের গভর্নিং বডির দায়িত্ব পালন করেছেন।
গণসংযোগ ও লিফলেট বিতরণকালে মোহাম্মদ আবুল খয়ের বলেন, ‘আমি আসন্ন জয়কলস ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। দীর্ঘদিন ধরে আপনাদের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। ভবিষ্যতে আপনাদের সেবক হিসেবে আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই। আমি সবার দোয়া চাই। যদি চেয়ারম্যান নির্বাচিত হতে পারি, তাহলে জয়কলস ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। ইউনিয়নের উপযোগী টেকসই রাস্তা, সেতু ও কালভার্ট নির্মাণের উদ্যোগ গ্রহণ করব। ইউনিয়নের ২৭টি গ্রামে সমন্বিত, সুষম ও টেকসই উন্নয়ন নিশ্চিত করার সর্বাত্মক চেষ্টা করব।’
গণসংযোগ ও লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুরুল ইসলাম, বিএনপি নেতা সিরাজ মিয়া ও সুরত মিয়া।
এ ছাড়া উপস্থিত ছিলেন সমর্থক ওয়াহিদুর রহমান, নুর উদ্দিন, আবুল বাশার, যুবদল নেতা রুয়েল আহমদ, নুর আলম, ইয়াহিয়া পারভেজ, তাজুল ইসলাম, শ্রমিক নেতা সাহাব উদ্দিন, সমর্থক শাহ আলম, ছমির মিয়া, আবুল লেইছ, তৈয়বুর আলম ও জিহাদ মিয়াসহ আরও অনেকে।
Leave a Reply