বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
নিজস্বপ্রতিবেদক: সুনামগঞ্জের জগন্নাথপুরে মইয়ার হাওরে ধান কর্তন উৎসবে অংশ নিয়েছেন স্থানীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ কয়ছর আহমেদ।বুধবার (১৫ এপ্রিল) বিকেলে তিনি নিজে ধান কাটার মাধ্যমে এই উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন। এর আগে তিনি উপজেলা কৃষি অফিস চত্বরে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১০০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন।প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ বলেন, বর্তমান সরকার কৃষি ও কৃষকের ভাগ্যোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি প্রবাসীদের সম্পদের নিরাপত্তার বিষয়ে বিশেষ জোর দিয়ে বলেন, এই সরকারের আমলে প্রবাসীদের জমি ও সম্পদ কেউ লুট করতে পারবে না; এমনকি বর্গা দিলেও তা বেদখল হওয়ার কোনো সুযোগ নেই। তিনি আরও উল্লেখ করেন যে, উপজেলায় প্রায় ৪০ হাজার কৃষকের প্রণোদনা প্রয়োজন থাকলেও আপাতত এক হাজার জনকে এই সহায়তা দেওয়া হচ্ছে, যা ভবিষ্যতে আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। বিশেষ করে রিং বাঁধ নির্মাণ করে ফসলি জমি রক্ষা এবং কৃষি কার্ডের সঠিক ব্যবহারের মাধ্যমে কৃষকদের সার্বিক উন্নয়ন নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।উপজেলা নির্বাহী অফিসার বরকত উল্লাহ’র সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা কাওছার আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুজাতুর রেজা। কৃষকদের পক্ষ থেকে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আংগুর মিয়া।আলোচনা সভা শেষে সংসদ সদস্য মইয়ার হাওরের কম্বাইন হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটার উৎসবে যোগ দেন। অনুষ্ঠানে জগন্নাথপুর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং কৃষক উপস্থিত ছিলেন।
Leave a Reply