নিজস্বপ্রতিবেদক: সুনামগঞ্জের জগন্নাথপুরে ব্যাটারি চালিত টমটম গাড়ির স্ট্যান্ড ও ভাড়া নির্ধারণ করাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। প্রায় ঘন্টাব্যাপি সংঘর্ষে উভয় পক্ষে ২৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত ১২ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
শনিবার সকাল ১০টার দিকে উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের স্বজনশ্রী ও বাউধরন গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষে ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সপ্তাহ দিন আগে রানীগঞ্জ পশ্চিম বাজার গাড়ি স্ট্যান্ড কর্তৃক রানীগঞ্জ টু বাউধরন রোডের গাড়ি ভাড়া ৩০ টাকা থেকে ১০ টাকা ভাড়িয়ে ৪০ টাকা করা হয়। এ নিয়ে বাউধরন স্বজনশ্রী গ্রামের লোকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। একপর্যায়ে চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের সদস্য বাউধরন গ্রামের সালেহ উদ্দিন আহমদ গাড়ি ভাড়া পুনরায় ৩০ টাকা নির্ধারণ করেন।
এতে আবার উভয় গ্রামের টমটম চালকদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। পরে গত শুক্রবার বিকালে বাউধরন গ্রামের মুজিব মার্কেটের গাড়ি স্ট্যান্ড থেকে স্বজনশ্রী গ্রামের টমটমগুলো বের করে দেওয়া হয়। এরই জেরে শনিবার সকালে উভয়গ্রামের লোকজন দেশিয় অস্ত্রসস্ত্র নিয়ে খাড়ারপার নামক স্হানে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘন্টাব্যাপি সংঘর্ষে উভয়পক্ষের ২৫ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এখনও কোন পক্ষ লিখিত অভিযোগ দেননি।
Leave a Reply