বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ নির্বাচন অফিসে সেবা নিতে হয়রানি ও টাকা লেনদেনের অভিযোগ শান্তিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে উদ্ধার হলো মুয়াজ্জিনের চুরি হওয়া মোবাইল শান্তিগঞ্জে উন্মুক্ত লটারিতে সরকারিভাবে ধান বিক্রির জন্য নির্বাচিত ৯০ কৃষক শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে কৃষি ঋণ প্রচারণা ও প্রকাশ্যে ঋণ বিতরণ শান্তিগঞ্জে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা শিক্ষানবিশি থেকে কর্মসংস্থান: FIVDB-RAISE প্রকল্পের কার্যক্রম পরিদর্শন ও চাকরিদাতাদের সঙ্গে মতবিনিময় শান্তিগঞ্জে নাইন্দারপাড় ক্রিকেট সুপারলীগের উদ্বোধন শান্তিগঞ্জে চেয়ারম্যান পদপ্রার্থী আবুল খয়েরের গণসংযোগ ও লিফলেট বিতরণ দেশের স্থিতিশীলতা রক্ষায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ জরুরি: মঞ্জু

শান্তিগঞ্জ নির্বাচন অফিসে সেবা নিতে হয়রানি ও টাকা লেনদেনের অভিযোগ

শান্তিগঞ্জ নির্বাচন অফিসে সেবা নিতে হয়রানি ও টাকা লেনদেনের অভিযোগ

শান্তিগঞ্জ প্রতিনিধি::

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে নতুন জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরি, ভোটার নিবন্ধন, ভোটার স্থানান্তর এবং জাতীয় পরিচয়পত্রের নাম, ঠিকানা ও বয়স সংশোধনসহ বিভিন্ন সেবা নিতে গিয়ে আর্থিক লেনদেন, হয়রানি ও অনিয়মের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এসব অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিরা।

অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এসব অভিযোগ উত্থাপন করেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য আনছার উদ্দিন, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন এবং পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়া।

সভায় আনছার উদ্দিন অভিযোগ করে বলেন, বর্তমান উপজেলা নির্বাচন কর্মকর্তা ফোন করলেও তা রিসিভ করেন না। নির্বাচন অফিসে সবসময় মানুষের ভিড় লেগে থাকে। বিভিন্ন সেবা নিতে আসা মানুষের কাছ থেকে তিনি জানতে পেরেছেন, সেখানে সাধারণ মানুষকে নানা ধরনের হয়রানির শিকার হতে হচ্ছে। টাকা ছাড়া কোনো কাজ হয় না বলেও মানুষের মধ্যে অভিযোগ রয়েছে। টাকা দিলে কাজ করে দেওয়া হয়, অন্যথায় বিভিন্ন অজুহাত দেখানো হয়।

তিনি আরও বলেন, রাজনীতি করার কারণে তাঁদের কর্মী-সমর্থকসহ সাধারণ মানুষ প্রায়ই নির্বাচন অফিসের বিভিন্ন অনিয়ম ও হয়রানির অভিযোগ নিয়ে তাঁদের কাছে আসেন। ইতিমধ্যে বিষয়টি সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এম কয়ছর আহমদকে অবহিত করেছেন তিনি। সাধারণ মানুষ এসব হয়রানি থেকে পরিত্রাণ চান এবং স্বাভাবিকভাবে সরকারি সেবা পেতে আগ্রহী। এ সমস্যার সমাধান না হলে মানুষের ক্ষোভ দিন দিন বাড়বে। এ সময় তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে নির্বাচন অফিসের এসব অনিয়ম তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান।

এদিকে পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন ও পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়াও নির্বাচন অফিসের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ তুলে ধরেন।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মোস্তফা কামাল। তিনি বলেন, আইনশৃঙ্খলা কমিটির সভায় তাঁর ও তাঁর অফিসের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। সরকারি নীতিমালা অনুসরণ করেই তাঁরা মানুষকে সেবা দিয়ে থাকেন। এখানে টাকা-পয়সা নেওয়ার কোনো প্রশ্নই আসে না।

তিনি আরও বলেন, জাতীয় পরিচয়পত্রের আবেদন অনেক সময় মানুষ বিভিন্ন বাজারের দোকান থেকে অনলাইনে করে থাকেন। সেখানে কেউ আর্থিক লেনদেন করলে তার দায়ভার নির্বাচন অফিসের নয়। সঠিক কাগজপত্র না থাকলে তাঁদের পক্ষে কাজ সম্পন্ন করা সম্ভব হয় না। অবৈধ বা প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া কাজ করতে না পারায় সংক্ষুব্ধ ব্যক্তিরা বিভিন্ন জায়গায় গিয়ে তাঁদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল চাকমা বলেন, ‘নির্বাচন অফিসের বিষয়ে এ ধরনের অভিযোগ আমার কাছে আগেও এসেছে। ইতিমধ্যে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আইনশৃঙ্খলা কমিটির সর্বোচ্চ ফোরামে যেহেতু বিষয়টি আবারও আলোচনায় এসেছে, তাই আমি বিষয়টি খতিয়ে দেখব এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করব।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com