শান্তিগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের শান্তিগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙিনায় রোপণ করা ১৫টি গাছের চারার মধ্যে ৬টি ভাঙচুর এবং ৬টি চারা উধাও হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শান্তিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শৈলেন্দ্র কুমার দাশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) শান্তিগঞ্জ থানায় এ অভিযোগ দায়ের করেন তিনি। ঘটনাটি উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের দামোধরতণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত সোমবার (৯ নভেম্বর) প্রধান শিক্ষক শৈলেন্দ্র কুমার দাশ নৈমিত্তিক ছুটিতে ছিলেন। সরকারি নির্দেশনা অনুযায়ী, ওইদিন বিদ্যালয়ের দপ্তরী পূর্বনির্ধারিত নির্দেশনা মোতাবেক বিদ্যালয়ের আঙিনায় বিভিন্ন জাতের ১৫টি গাছের চারা রোপণ করেন। এ খবর পেয়ে একই গ্রামের শংকর দাশ (চঞ্চল), পিতা সুভাষ দাশ, বিদ্যালয়ে উপস্থিত হয়ে দায়িত্বপ্রাপ্ত সহকারী শিক্ষিকা সবিতা রানী ধর ও দপ্তরী আলমগীরের কাছে গাছ লাগানোর বিষয়ে কৈফিয়ত তলব করেন।
পরদিন মঙ্গলবার (১০ নভেম্বর) দপ্তরি বিদ্যালয়ে উপস্থিত হয়ে দেখতে পান, রোপণ করা ১৫টি চারার মধ্যে ৬টি ভাঙা এবং ৬টি চারা যথাস্থানে নেই। বাকি ৩টি চারা বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যমান রয়েছে।
এ ঘটনায় প্রধান শিক্ষক শৈলেন্দ্র কুমার দাশ বিদ্যালয়ের ক্যাচমেন্ট এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে পরামর্শ এবং তাঁদের নির্দেশনা অনুযায়ী শান্তিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলি উল্লাহ বলেন, আমরা অভিযোগ পেয়েছি। অভিযোগের আলোকে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply