শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীকে জাতিসংঘ মহাসচিবের ফোন

প্রধানমন্ত্রীকে জাতিসংঘ মহাসচিবের ফোন

জগন্নাথপুর নিউজ ডেস্ক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। শুক্রবার রাতে প্রধানমন্ত্রীকে ফোনটি করেন অ্যান্তোনিও।টেলিফোনের বিষয়টি জানিয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, টেলিফোনে রোহিঙ্গাদের বিষয়ে বাংলাদেশের পদক্ষেপের প্রশংসা করেছেন জাতিসংঘ মহাসচিব। এ সময় বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের সম্পাদিত চুক্তি বাস্তবায়নে জাতিসংঘের সহযোগিতা চেয়েছেন শেখ হাসিনা।
তিনি আরও জানান, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস শুক্রবার রাত নয়টা ২৫ মিনিটের দিকে শেখ হাসিনাকে টেলিফোন করেন। তাদের মধ্যে প্রায় ১২ মিনিট কথা হয়। তিনি বলেন, রোহিঙ্গাদের বিষয়ে বাংলাদেশের পদক্ষেপের প্রশংসা করেছেন জাতিসংঘ মহাসচিব। আর প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে গুতেরেসকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। রাখাইনে সেনাবাহিনীর দমন-পীড়নের মুখে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে গত বছরের ২৩ নভেম্বর সম্মতিপত্রে সই করে দুই দেশ।
বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবং মিয়ানমারের স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী অং সান সু চির পক্ষে তার দপ্তরের মন্ত্রী কিয়া তিন্ত সোয়ে এ বিষয়ে একটি সম্মতিপত্রে (অ্যারেঞ্জমেন্ট) সই করেন। সেনাবাহিনীর দমন-পীড়নের মুখে পালিয়ে আসা চার লাখের মত রোহিঙ্গা গত কয়েক দশক ধরে বাংলাদেশে আশ্রয় নিয়ে আছে। আর গত ২৫ অগাস্ট রাখাইনে নতুন করে দমন অভিযান শুরুর পর আরও সোয়া ছয় লাখ রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com