সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় পুলিশের হাতে গ্রেপ্তারের পর হ্যান্ডকাফ পরা অবস্থায় এক মামলার আসামিকে পুলিশের কাছ থেকে স্বজনরা ছিনিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। পরে ওই আসামি পালিয়ে গিয়ে হ্যান্ডকাফ পরা অবস্থায় ফেসবুকে লাইভ করেছেন বলে জানা গেছে।
বুধবার (২ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের দামোধরতপী গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শান্তিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নুর উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল সিএনজিযোগে দামোধরতপী গ্রামে অভিযান চালায়। এ সময় একটি মামলার আসামি মো. আসির মিয়াকে একটি দোকান থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসির মিয়া দামোধরতপী গ্রামের মৃত শফিক মিয়ার ছেলে।
পুলিশ তাকে হ্যান্ডকাফ পরিয়ে সিএনজিতে তোলার সময় আসামির কয়েকজন স্বজন ঘটনাস্থলে এসে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও ধাক্কাধাক্কি করে তাকে ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। খবর পেয়ে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ওলি উল্ল্যাহসহ বিপুলসংখ্যক পুলিশ সদস্য ঘটনাস্থলে পৌঁছান। তবে ততক্ষণে আসামি পালিয়ে যায়। পরে পালিয়ে যাওয়া আসির মিয়াকে হ্যান্ডকাফ পরা অবস্থায় ফেসবুকে লাইভ করতে দেখা গেছে বলে জানা গেছে।
এ বিষয়ে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ওলি উল্ল্যাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আসামি হ্যান্ডকাফসহ পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।”
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply