শান্তিগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের শান্তিগঞ্জে এক ব্যক্তির নাম ও ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি খুলে মানহানিকর ও উস্কানিমূলক পোস্ট করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী।
জিডি সূত্রে জানা যায়, শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের আক্তাপাড়া গ্রামের বাসিন্দা মো. শাহিন আলম (৩৯), পিতা- আব্দুল হান্নান, গত ৬ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৪টা ১৫ মিনিটে বাড়িতে অবস্থানকালে এক নিকট আত্মীয়ের মাধ্যমে জানতে পারেন, তার নাম ও ছবি ব্যবহার করে একটি ভুয়া ফেসবুক আইডি খোলা হয়েছে। ওই আইডি থেকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উদ্দেশে গালিগালাজ ও উস্কানিমূলক, মানহানিকর পোস্ট করা হচ্ছে। পরে তিনি নিজের ব্যবহৃত ফেসবুক আইডি ‘মোঃ শাহিন আলম তালুকদার’-এ প্রবেশ করে বিষয়টি সম্পর্কে নিশ্চিত হন। জিডিতে তিনি উল্লেখ করেন, একটি ভুয়া আইডি থেকে তার পরিচয় ব্যবহার করে এসব অপপ্রচার চালানো হচ্ছে, যা তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে করা হয়েছে।
এ ঘটনায় তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন উল্লেখ করে ভবিষ্যতে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে শান্তিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। শান্তিগঞ্জ থানায় এ বিষয়ে জিডি নং-২৪৭, তারিখ ৭ আগস্ট ২০২৬ হিসেবে সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানা গেছে।
Leave a Reply