শান্তিগঞ্জ প্রতিনিধি::
‘মাদককে না বলুন, খেলাধুলাকে ভালোবাসুন’—এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নে মাদকের বিরুদ্ধে ফুটবল প্রিমিয়ার লিগের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। যুবসমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে দূরে রেখে খেলাধুলামুখী করার প্রত্যয়ে আয়োজিত এ টুর্নামেন্টে সার্বিক সহযোগিতা করেন যুক্তরাজ্যপ্রবাসী গোলজার আহমদ ও আকবর কল্যাণ ট্রাস্ট।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকাল ৩টায় উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও পশ্চিমপাড়া কৃষ্ণতলা মাঠে পূর্ব বীরগাঁও ইউনিয়ন ফ্রেন্ডশিপ ক্লাবের উদ্যোগে এ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পূর্ব বীরগাঁও মাদকবিরোধী কমিটির সদস্য ও গণমাধ্যমকর্মী আতিকুর রহমান রুয়েবের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলী উল্লাহ, উপজেলা জামায়াতের আমির হাফেজ আবু খালেদ, পূর্ব বীরগাঁও ইউনিয়ন জামায়াতের সভাপতি মাসুম আহমদ জুসেফ, সালিশ ব্যক্তিত্ব সামুয়েল কবির, ইউপি সদস্য আব্দুল বাছিত এবং ৭১ টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি শহীদ নুর আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার দিলওয়ার হোসেন, উপজেলা জামায়াতের নেতা আকবর সুলতান, পূর্ব বীরগাঁও ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সুহেল আহমদ শিশু ও সালিশ ব্যক্তিত্ব সামসুল ইসলাম।
এ ছাড়া উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ থানার এসআই আকবর, সমাজসেবক সজিবুল ইসলাম, সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী দোলেন আহমদ, ওই গ্রামের পুলিশ সদস্য সজল মাহমুদসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান প্রজন্মের সবচেয়ে বড় অন্তরায় হচ্ছে মাদক। তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। মাদক কেবল একজন ব্যক্তির জীবন বা একটি পরিবারকেই ধ্বংস করে না, বরং পুরো সমাজকে অপরাধের দিকে ঠেলে দেয়।
তাঁরা আরও বলেন, যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করে সুস্থ ও সৃজনশীল মানসিকতা গড়ে তুলতে পাড়া-মহল্লায় এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন নিয়মিত চালিয়ে যেতে হবে। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে স্থানীয় যুবসমাজ ও অভিভাবকদেরও এগিয়ে আসতে হবে।
Leave a Reply