বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

শান্তিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ১২

শান্তিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ১২

শান্তিগঞ্জ প্রতিনিধি::

সুনামগঞ্জের শান্তিগঞ্জে গ্রুপিং ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর চারজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের দুর্বাকান্দা গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বাকান্দা গ্রামের মৃত জাহির আলীর ছেলে সাইদুল ইসলাম মেম্বার এবং মৃত ইলিয়াছ মিয়ার ছেলে সোহেল মিয়াসহ তাঁদের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে পূর্ববিরোধ, গ্রুপিং ও আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বৃহস্পতিবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে দুই পক্ষের ১২ জন আহত হন।

আহতদের মধ্যে সাইদুল ইসলাম মেম্বারের পক্ষের সাহাজ উদ্দিন, আজমান আলী, সোয়েব মিয়া, ফারজিল মিয়া, সুজাত মিয়া, আমির আলী, রিয়াজ উদ্দিন, নার্গিছ আক্তার ও সাইদুল ইসলাম মেম্বার রয়েছেন। অপর পক্ষের আহতরা হলেন বদরুল আলী, জাহিদ হাসান ও খোকন।

গুরুতর আহত সাহাজ উদ্দিন, আজমান আলী, সোয়েব মিয়া ও সুজাত মিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে ইউপি সদস্য সাইদুল ইসলাম বলেন, পূর্ববিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন তাঁদের বাড়িতে অতর্কিত হামলা চালান। এতে তিনি নিজেসহ তাঁদের পক্ষের কয়েকজন আহত হয়েছেন।

অপর পক্ষের শহীদ মিয়া বলেন, তাঁর ছেলেকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার সময় পূর্বশত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন তাঁদের রাস্তা অবরোধ করে হামলা চালান। এতে তাঁর ভাইসহ আত্মীয়স্বজন আহত হন।

এ বিষয়ে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউল্লাহ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষের কাছ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com