শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক :
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) বিকেল ৩ টায় জগন্নাথপুর পৌর মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ বাজেট তুলে ধরেন পৌরসভার প্রশাসক মোঃ ইসলাম উদ্দিন।
ঘোষিত বাজেটে রাজস্ব খাতে আয় ৩ কোটি ৮ লাখ ৩০ হাজার টাকা এবং উন্নয়ন খাতে ১৯ কোটি ৪২ লাখ টাকা আয় ধরা হয়েছে। অপরদিকে রাজস্ব খাতে ব্যয় ২ কোটি ৯৬ লাখ ৫০ হাজার টাকা ও উন্নয়ন খাতে ১৯ কোটি ৪২ লাখ টাকা নির্ধারণ শেষে সর্বমোট বাজেটে ১১ লাখ ৮০ হাজার টাকা উদ্বৃত্ত রাখা হয়েছে।
বাজেট উপস্থাপনকালে উপজেলা বিএনপির আহবায়ক আবু হোরায়রা ছাদ, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজ উদ্দিন আহমদ, পৌর বিএনপির আহবায়ক সালাহ উদ্দিন মিঠু, পৌরসভার ভারপ্রাপ্ত সচিব হেলাল উদ্দিন,উপসহকারী প্রকৌশলী সতীষ গোস্বামী সহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সুধীজন ও পৌরসভার কর্মকর্তা- কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পরবর্তীতে অনুষ্ঠিত মুক্ত আলোচনায় স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের প্রতিনিধিরা পৌরসভার নাগরিক সমস্যা, সড়ক সংস্কার ও উন্নয়ন ত্বরান্বিত করার বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন পৌরসভার সহকারী প্রকৌশলী সতীশ গোস্বামী।
পৌর প্রশাসক মোঃ ইসলাম উদ্দিন পৌরবাসীকে দৃশ্যমান ও টেকসই উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে বর্জ্য ব্যবস্থাপনা, আধুনিক পৌর মার্কেট নির্মাণ, সুনির্দিষ্ট গরুর হাট প্রতিষ্ঠা ও শহরকে যানজট মুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি টমটম চালকদের প্রশিক্ষণের আওতায় আনা, পাবলিক টয়লেট, ইকোপার্ক ও অ্যামিউজমেন্ট পার্ক নির্মাণের পরিকল্পনার কথা উল্লেখ করে পৌরসভাকে মডেল হিসেবে গড়ে তুলতে সবাইকে নিয়মিত পৌর কর প্রদানের আহবান জানান।
Leave a Reply