সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ২০২৫-২০২৬ অর্থবছরের কর্মসূচির আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এ চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. ইসলাম উদ্দিন।
উপজেলার ৮টি ইউনিয়নের ১৬০ জন প্রান্তিক কৃষকের প্রত্যেককে ৫টি করে ফলজ গাছের চারা এবং ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যেককে ২০টি করে ফলজ গাছের চারা বিতরণ করা হয়। সব মিলিয়ে মোট ১,০০০টি গাছের চারা বিতরণ করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. ইসলাম উদ্দিন বলেন, “গাছগুলো আপনারা বিনামূল্যে পেয়েছেন বলে অবহেলা করবেন না। বাড়িতে নিয়ে গিয়ে ফেলে রাখবেন না। দ্রুত উপযুক্ত স্থানে রোপণ করুন এবং নিয়মিত পরিচর্যা করুন। একটি গাছ যেমন পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তেমনি ফলজ গাছ ভবিষ্যতে পরিবারের পুষ্টি ও অর্থনৈতিক চাহিদা পূরণেও সহায়ক হবে।”
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জালাল উদ্দীন, যুগ্ম আহ্বায়ক রওশন খান সাগর, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলি উল্লাহ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাইফুর রহমান, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জগলুল হায়দার, উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক আব্দুল হাই, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা শাহিনুর রহমান, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, ইউএনও কার্যালয়ের নাজির আবু বক্করসহ উপকারভোগী কৃষক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply